আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন এবং জন্মস্থান দিনাজপুরের বিরলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
তিনি তৎকালীন দিনাজপুর-৭ ও দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন।
সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্যের সময়সূচি পরবর্তী সময়ে পারিবারিকভাবে জানানো হবে। তাঁর আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করা হয়েছে।